ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সব ধরনের সীমা অতিক্রম করেছেন বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। সম্প্রতি ‘পিয়ার্স মরগ্যান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দোহা যখন যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করার পাশাপাশি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে কাজ করছিল, ঠিক তখনই ইসরাইল কাতারের ওপর হামলা চালিয়েছে।
কাতারের রাজধানী দোহায় পরিচালিত এই ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে শেখ মোহাম্মদ বলেন, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত বিপজ্জনক একটি নজির স্থাপন করছে। তার মতে, মধ্যস্থতার দায়িত্ব পালনরত কোনো রাষ্ট্রের ওপর হামলার ঘটনা ইতিহাসের কোনো যুদ্ধেই আগে কখনো ঘটেনি। এই হামলাকে তিনি অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন। তিনি আরও উল্লেখ করেন, মধ্যস্থতাকারী দেশের ওপর এমন হামলার ফলে কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি ভবিষ্যতে যেকোনো সংঘাত নিরসনের উদ্যোগের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

