বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ রোববার সকালে এক সাংগঠনিক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানিয়েছেন, প্রয়াত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক দুই কন্যাসন্তানের জনক। তাঁর স্ত্রী মনিকা ভৌমিক আগেই মারা গেছেন। অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার পাশাপাশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠার অগ্রভাগে ছিলেন। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ ঢাকার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রাখা হবে।
সেখানে শ্রদ্ধাজ্ঞাপন শেষে প্রয়াত এই শিক্ষাবিদের মরদেহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে নিয়ে যাওয়া হবে। গ্রামের বাড়িতে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে এবং এরপর সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন: বাংলাদেশের অর্থনীতি ২০৩০ সালে শীর্ষ ৩০-এ যেতে পারে: ইইউ
আরও পড়ুন: রাজধানীতে ডিএমপির অভিযানে ৪২৭ জন গ্রেপ্তার, মামলা ৫৪

