শোয়েব হোসেন: পরিবারের অবহেলা, নির্যাতন, অসহায়ত্ব কিংবা জীবনের নানা প্রতিকূলতায় যাঁদের শেষ আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রম, তাঁদেরই নিরাপদ ঠিকানা ‘আপন নিবাস বৃদ্ধাশ্রম’। ঢাকার উত্তরখানের কুমিদখোলায় অবস্থিত প্রতিষ্ঠানটি ২০১০ সাল থেকে অসহায়, নির্যাতিত, ঠিকানাহীন ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় থাকা প্রবীণ নারীদের আশ্রয় ও সেবা দিয়ে আসছে। কিন্তু দীর্ঘদিনের এই মানবিক উদ্যোগটি বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে। প্রয়োজনীয় অর্থের অভাবে প্রবীণ মায়েদের নিয়মিত খাবার, ওষুধ, চিকিৎসা ও আবাসনের ব্যবস্থা চালিয়ে নেওয়া কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এক মুষ্টি চাল থেকে শত মায়ের আশ্রয়
২০১০ সালের শুরুর দিকে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা শেলী নিজের চাকরির বেতন এবং বাড়ি বাড়ি গিয়ে এক মুষ্টি চাল সংগ্রহের মধ্য দিয়ে মাত্র ১০ জন অসহায় বৃদ্ধাকে নিয়ে এ উদ্যোগ শুরু করেন। সীমিত সামর্থ্য নিয়ে শুরু হওয়া সেই মানবিক প্রয়াস সময়ের পরিক্রমায় বহু অসহায় প্রবীণ নারীর আশ্রয়স্থলে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাতার উদ্যোগে এ পর্যন্ত শতাধিক প্রবীণ নারী এখানে আশ্রয় পেয়েছেন বলে প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শুধু জীবিত অবস্থায় আশ্রয় ও সেবা দেওয়াই নয়, এখানে অবস্থানকালে কোনো প্রবীণের মৃত্যু হলে তাঁর ধর্মীয় রীতি অনুযায়ী দাফন-কাফন কিংবা সৎকারের ব্যবস্থাও করা হয়। জীবনের শেষ সময়ে স্বজনহীন মানুষের মর্যাদা ও শেষকৃত্যের ব্যবস্থা নিশ্চিত করার এই উদ্যোগ প্রতিষ্ঠানটির মানবিক দায়িত্ববোধেরই প্রতিফলন।
অর্থসংকটে ব্যাহত হচ্ছে সেবাকার্যক্রম
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে এখানে প্রায় ১০০ জন অসহায় প্রবীণ মা বসবাস করছেন। তাঁদের প্রতিদিন তিন বেলা খাবার, প্রয়োজনীয় ওষুধ, পোশাক, পরিচর্যা, সেবিকা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত অর্থের প্রয়োজন। অথচ স্থায়ী সরকারি বরাদ্দ কিংবা নিয়মিত প্রাতিষ্ঠানিক অনুদান না থাকায় মূলত ব্যক্তিগত দান ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তার ওপর নির্ভর করেই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
ফলে দৈনন্দিন খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে কর্তৃপক্ষকে প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। অনুদানের অনিয়মিত প্রবাহের কারণে ভবিষ্যতে এসব সেবা কতটা নির্বিঘ্নে চালিয়ে নেওয়া সম্ভব হবে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
আবাসনসংকট, প্রয়োজন ভবনের বাকি তলা নির্মাণ
প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দাতাদের সহায়তায় ১৩ দশমিক ৬৫ কাঠা জমিতে ছয়তলা ভিত্তির একটি ভবনের প্রথম তলা নির্মাণ করা হয়েছে। তবে সেখানে প্রায় ১০০ জন প্রবীণ নারীর বসবাসের ব্যবস্থা করতে গিয়ে স্থানসংকট দেখা দিয়েছে। তাঁদের জন্য পর্যাপ্ত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ আবাসন নিশ্চিত করতে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
এ নির্মাণকাজ সম্পন্ন করতে প্রয়োজন উল্লেখযোগ্য আর্থিক সহায়তা। প্রয়োজনীয় অর্থের সংস্থান করা গেলে একদিকে যেমন আবাসনসংকট কমানো সম্ভব হবে, অন্যদিকে প্রবীণ মায়েদের জন্য তুলনামূলক নিরাপদ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান
বৃদ্ধাশ্রমটির স্লোগান—‘আপনার দানের একটি টাকা, বাঁচাতে পারে একটি জীবন’। সামর্থ্য অনুযায়ী ছোট-বড় অনুদান, নিয়মিত খাদ্যসামগ্রী, ওষুধ, চিকিৎসাসেবা কিংবা ভবন নির্মাণে সহযোগিতা—সব ধরনের মানবিক সহায়তাই এ মুহূর্তে গুরুত্বপূর্ণ।
প্রতিষ্ঠানটির পাশে দাঁড়াতে ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান, সামাজিক ও দাতব্য সংগঠন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অনুদানদাতাদের কাছে সহায়তার অর্থের যথাযথ ব্যবহার ও হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
জীবনের শেষ প্রান্তে এসে কোনো মানুষ যেন অনাহার, চিকিৎসাহীনতা কিংবা অনিরাপদ আবাসনের শঙ্কায় দিন কাটাতে বাধ্য না হন—এ দায়িত্ব শুধু একটি প্রতিষ্ঠানের নয়, পুরো সমাজের। মানবিক মূল্যবোধের জায়গা থেকে ‘আপন নিবাস’-এর অসহায় প্রবীণ মায়েদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।
অনুদান ও যোগাযোগের তথ্য
প্রতিষ্ঠানের নাম: আপন নিবাস বৃদ্ধাশ্রম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক: সৈয়দা সেলিনা শেলী
ঠিকানা: কুমিদখোলা, তেরমুখ, কড়ইহাটি, উত্তরখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ।
মোবাইল: ০১৮১৬-৭৭৯১৬৩, ০১৭১৩-৬৮০১৯২
ইমেইল: aponnibasbri@gmail.com
ওয়েবসাইট: info/aponnibas.com
ব্যাংক হিসাব–১
– ব্যাংক: ট্রাস্ট ব্যাংক, উত্তরা শাখা
– হিসাবের নাম: আপন নিবাস বৃদ্ধাশ্রম
– হিসাব নম্বর: ০০২৫০৩১০-০৪৭৯১২
ব্যাংক হিসাব–২
– ব্যাংক: সোনালী ব্যাংক, উত্তরখান শাখা
– হিসাবের নাম: আপন নিবাস বৃদ্ধাশ্রম ওয়েলফেয়ার সোসাইটি
– হিসাব নম্বর: ০১৩২১০১০০৭৯৪৫
বিকাশ (পার্সোনাল): ০১৮১৬-৭৭৯১৬৩
নিবন্ধন: সমাজসেবা অধিদপ্তর, নিবন্ধন নম্বর এস-১৩৮৩৭/২০২২।
আরও পড়ুন: রাকিবুলের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

