শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বাঁশখালী ছাত্র সংস্থার আয়োজনে ২০২৫ সালের বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি বাঁশখালীর সোলতান ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ইফতেখার মহসিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সরওয়ার কামাল, মাস্টার লোকমান হাকিম, ফোরকান এলাহী, অ্যাডভোকেট মিজান, হুররম রেজা, সাইফুল আজম কায়েস, জুনায়েদ রাছেল, তোফাজ্জল সাকিব, হাফিজুর রহমান হিরু এবং তালেব।
সংগঠনের সভাপতি হোসাইন মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোশাররফ রাফি ও আবু তালেব। বক্তারা শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, এ ধরনের বৃত্তি কার্যক্রম মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সবশেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বাঁশখালী ছাত্র সংস্থার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

