দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রাণ ফিরে পেতে যাচ্ছে নেত্রকোণা শহরের প্রাণের নদী মগড়া। আজ শনিবার ১৪ নভেম্বর সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো “নেত্রকোণা জেলার অন্তর্গত মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প”।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড জেলা শহরের নাগড়া জেলা পরিষদ সংলগ্ন মগড়া নদীর পারে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে তখন নেত্রকোণার সর্বস্তরের মানুষের ঢল নামে।
এতে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন, নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন এ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্রকল্পের মাধ্যমে নদীর তলদেশ খনন করে নাব্যতা ফিরিয়ে আনা, অবৈধ দখল উচ্ছেদ, দুই পাড়ের সৌন্দর্য বর্ধন ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। ফলে বর্ষায় জলাবদ্ধতা কমবে, শুষ্ক মৌসুমেও নদীতে পানি থাকবে এবং মাছ ও জলজ পরিবেশ ফিরে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, নদী বাঁচলে বাঁচবে শহর। তাই নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। ময়লা-আবর্জনা নদীতে না ফেলা এবং নদীর পাড় দখল না করার আহ্বান জানান তারা।
আরও পড়ুন: রামপালে বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

