মোঃ বাহার মিয়া, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ জনগণের সাথে বিশাল উঠান বৈঠক করেছেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি এবং ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরী।
শুক্রবার বিকেলে মল্লিকবাড়ী পূর্বপাড়া ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসা মাঠে আয়োজিত এই উঠান বৈঠকে হাজারখানেক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ওয়ার্ডের হাজারখানেক নারী-পুরুষের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে, যা এক পর্যায়ে জনসভায় রূপ নেয়।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তারেক উল্লাহ চৌধুরী বলেন, আমি চেয়ারম্যান হতে চাই না, জনগণের সেবক হতে চাই। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে মল্লিকবাড়ী ইউনিয়নকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট উন্নয়ন এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাব। আপনাদের সমর্থন পেলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ন্যায় ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করব।
নিজের পারিবারিক ঐতিহ্য ও রাজনীতির আদর্শ তুলে ধরে তিনি আরও বলেন, “মল্লিকবাড়ী ইউনিয়নের মানুষের সাথে আমাদের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের ও আত্মিক। এই মাটির মানুষের সুখে-দুঃখে আমাদের পরিবার সব সময় পাশে ছিল, আগামীতেও থাকবে। আমার বাবা ও পরিবারের কাছ থেকে শিখেছি মানুষের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। সেই শিক্ষা ও আদর্শ ধারণ করেই আমি রাজনীতি করি। ক্ষমতার মোহ নয়, আমি সবসময় আপনাদের সেবক হয়ে বেঁচে থাকতে চাই। আমার পরিবারের দোয়া এবং আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
আরও পড়ুন: গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ

