আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে প্রশাসক ডা. শাহাদাত হোসেন

DSF NEWS
DSF NEWS
November 27, 2026 2:19 pm
Link Copied!

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সেবামূলক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।বৃহস্পতিবার চমেকের শিশু বিভাগে ব্যক্তিগত অর্থায়নে ৬টি অক্সিজেন কনসেন্ট্রেটর দেন প্রশাসক। এরপর সানশাইন চ্যারিটিজের (Sunshine Charities) চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান এবং কেনপার্ক চ্যারিটিজের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি ডায়ালাইসিস মেশিন হস্তান্তর করেন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামের লাখো মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। প্রতিদিন চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। হাসপাতালের বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, একজন চিকিৎসক হিসেবে আমি সাধারণ মানুষের চিকিৎসাসংক্রান্ত সংকট ও দুর্ভোগ উপলব্ধি করি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট নিরসনে কাজ করছি। এরই অংশ হিসেবে ইতোমধ্যে নিজস্ব অর্থায়নে হাসপাতালের শিশু বিভাগে ছয়টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছি। চিকিৎসাসেবার বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সংকট চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, কিডনি রোগে আক্রান্ত অনেক রোগীকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হয়। বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি ডায়ালাইসিসের ব্যয় বহন করা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত কঠিন। সরকারি হাসপাতালে ডায়ালাইসিস মেশিনের সংখ্যা বৃদ্ধি করা গেলে আরও বেশি রোগী সাশ্রয়ী ব্যয়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। সানশাইন চ্যারিটিজ ও কেনপার্ক চ্যারিটিজের এই মানবিক উদ্যোগ কিডনি রোগীদের চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশাসক আরও বলেন, চট্টগ্রামকে একটি স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে রোগ প্রতিরোধের পাশাপাশি মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ যাতে অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনগুলো তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সরকারি হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রদানে এগিয়ে এলে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ডায়ালাইসিস মেশিন প্রদানের জন্য সানশাইন চ্যারিটিজের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান ও কেনপার্ক চ্যারিটিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসক। একই সঙ্গে তিনি সমাজের অন্যান্য সেবামূলক সংগঠন ও সামর্থ্যবান ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সাবেক পরিচালক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, সানশাইন চ্যারিটিজের চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা, ডা. মাসুম ইফতেখার, ডা. ফয়েজ উদ্দিন, ডা. সামিউল করিম, কেনপার্কের প্রতিনিধি এবং হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: দাকোপের যজ্ঞ পরিদর্শনে ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন খুলনা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান

আরও পড়ুন: চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাব চসিকের

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।