মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং গ্রামীণ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে ‘মোহাম্মদ হোসেন কোম্পানী ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর কাঁকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুর রহিম বিশ্বাস এবং চাটখিল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার লাভলী ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার উদ্বোধন করেন। এবারের বৃত্তি পরীক্ষায় মোহাম্মদপুর ইউনিয়নের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন ফাউন্ডেশনের উপদেষ্টা সিরাজুল ইসলাম হাসান, হামিদুল হক, বেল্লাহ হোসেন মোল্লা, মো. আবদুল মান্নান এবং কেন্দ্রের হল সুপার মোহাম্মদ কামরুল হোসেন। এ সময় স্থানীয় শিক্ষানুরাগী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণ’—এই মূল লক্ষ্যকে সামনে রেখে ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনার প্রতি তাদের আরও উৎসাহিত করতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন। উত্তরপত্র মূল্যায়ন শেষে মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হবে।
কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, প্রান্তিক পর্যায়ে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে এবং বিশেষ করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এগিয়ে যেতে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার প্রসারে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: রামপাল উপজেলা বিএনপির সভাপতি তুহিনের পিতা-মাতার কুলখানি অনুষ্ঠিত

