বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এখন থেকে নতুন পে-স্কেলেই বেতন-ভাতা পাবেন। এর জন্য বাড়তি কোনো প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।
সচিব আবদুল খালেক জানান, সরকারি চাকরিজীবীদের জন্য ইতিমধ্যে যে গেজেট প্রকাশ করা হয়েছে, তাতেই এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আলাদা কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তারা এই নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। এছাড়া, জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের চাকরির স্থায়ীকরণ এবং বদলি সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়েও তিনি আশ্বাস দেন।
শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা প্রাপ্তিতে দীর্ঘদিনের যে ভোগান্তি ছিল, তাও সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, আগে অবসর ভাতার টাকা পাওয়ার জন্য বছরের পর বছর ঘুরতে হতো, তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই জটিলতা দূর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

