আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণজয়ন্তী ও মিলনমেলায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

DSF NEWS
DSF NEWS
October 23, 2026 2:47 am
Link Copied!

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কুড়িগ্রামে হরিজন-রবিদাস নারীদের শাড়ি দিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে গত পাঁচ দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর জন্য আনন্দ ও গৌরবের বিষয়। তিনি মাদ্রাসাটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং আগামী প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

মাদ্রাসার অধ্যক্ষ মো. শরীফ আব্দুল কাদির জানান, ১৯৭৬ সালে ইবতেদায়ি পর্যায়ে পাঠদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দীর্ঘ পাঁচ দশকে এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁদের অনেকে শিক্ষকতা, আইন, সাংবাদিকতা, রাজনীতি ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

আরও পড়ুন: ধামইরহাটে বৃদ্ধা হালিমা হত্যা: ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫

সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে দোয়া, মরণোত্তর সম্মাননা, বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মুহাম্মদ হেদায়েত হুসাইন বলেন, মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছেন। তাঁদের মধ্যে কেউ উচ্চশিক্ষা গ্রহণ করে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন, আবার কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার সফল ব্যক্তিত্ব।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মানোয়ার হুসাইন তামিম, মাদ্রাসার অধ্যক্ষ মো. শরীফ আব্দুল কাদির এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারীসহ অন্যরা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সুবর্ণজয়ন্তী ও মিলনমেলার এ আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে। পাশাপাশি প্রতিষ্ঠানের গৌরবময় ৫০ বছরের পথচলা এবং শিক্ষক-শিক্ষার্থীদের অবদান স্মরণীয় করে রাখবে এ আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।