স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো আয়োজন, সিসিটিভির নজরদারিতে পরীক্ষা গ্রহণ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘সাযুক সংঘ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬’। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে নবম শ্রেণির প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাম্য সমাজ ও যুব কল্যাণ সংঘ (সাযুক সংঘ) এ পরীক্ষার আয়োজন করে।
সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে শ্রেণিকক্ষগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়। পরীক্ষার নির্ধারিত সময় ছিল এক ঘণ্টা ৩০ মিনিট।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সখিনা আক্তার ও সিলেটের জালালাবাদ থানার সাবেক ওসি হারুন রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, শিক্ষা সম্পাদক এমদাদুল হক মিলন, কেন্দ্রসচিব ও পলাশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, শিক্ষক দিলীপ কুমার এবং যুবলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্যরা।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেই এ আয়োজন। ভবিষ্যতেও নিয়মিতভাবে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁদের।
এদিকে প্রথমবারের মতো প্রায় হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: পশুখাদ্য ও ওষুধ বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে টঙ্গী বাজারে অভিযান

