মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের ঐতিহ্যবাহী কাছারীবাড়ী প্রাঙ্গণে ২৬তম বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কাছারীবাড়ীর ঐতিহ্যবাহী বটতলায় মেলার উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় কয়রায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, বায়ুদূষণ, তীব্র তাপপ্রবাহ, নদীভাঙন ও বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমাতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও পতিত জমিতে বেশি করে গাছ লাগাতে হবে। সবুজ বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। কয়রা-পাইকগাছার উন্নয়ন প্রসঙ্গে মনিরুল হাসান বাপ্পী বলেন, এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে কাজ করা হচ্ছে। কয়রা-পাইকগাছাকে আধুনিক ও উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল, স্টেডিয়াম, স্কুল ও কলেজের নতুন ভবন নির্মাণে ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়েও কাজ চলছে। বৃক্ষমেলা বাস্তবায়ন কমিটির সভাপতি সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী ও জেলা জাসাসের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, উত্তর বেদকাশীর ঐতিহ্যবাহী এ বৃক্ষমেলা ২৬ বছর ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মেলায় উপজেলার বিভিন্ন নার্সারির শতাধিক স্টলে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। উদ্বোধনের পর মনিরুল হাসান বাপ্পী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। পরে তিনি কয়রার সেন্ট্রাল হাসপাতাল উদ্বোধন করেন এবং কয়রা উপজেলা জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

