গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে শরিফ উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: কালকিনিতে মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ধারাবহর গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের পাশে ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে টিলা কেটে আবাসন প্রকল্প গড়ে তুলছেন শরিফ উদ্দিন। এর আগে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ ঘটনায় জরিমানা করে। গত ১২ আগস্ট গভীর রাতে টিলা কেটে আবাসন প্রকল্পের জায়গা ভরাটের ঘটনায় ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে শরিফ উদ্দিনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করা হয়।
সর্বশেষ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী শরিফ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া টিলা কাটার অপরাধে অপর এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইনে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

