মোহাম্মদ মাসুদঃ চট্টগ্রামে মোহনা টিভির মীরসরাই প্রতিনিধি ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
৫ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সংহতি জানিয়ে উপস্থিত হন এবং সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলা কোনো একক ব্যক্তির ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। তারা বলেন, সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না। যারাই এই হামলার সঙ্গে জড়িত থাকুক না কেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় সামান্যতম ছাড় দেওয়া হলে ভবিষ্যতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। এতে সামগ্রিকভাবে সাংবাদিক সমাজের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এইউজ-এর পক্ষ থেকেও সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

