মোঃ শামীম হোসেন – খুলনা: শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দাকোপের বাজুয়া আর্য্য হরিসভা মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাজুয়া আর্য্য হরিসভা শ্রী শ্রী মন্দিরের পরিচালনা কমিটির উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
সকালে শ্রী শ্রী আর্য্য হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে খুটাখালি বাজার ও বাজুয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শ্রী শ্রী আর্য্য হরিসভা মন্দির পরিচালনা কমিটির মহাপরিচালক সরোজিত কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, লাউডোব ইউপি চেয়ারম্যান নিহার মন্ডল, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় বাপ্পি, কোষাধ্যক্ষ দীপক কুমার সরদার, সমাজসেবক দেবাশীষ মন্ডল, কালিপদ বিশ্বাসসহ উপজেলার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের ব্যাপক উপস্থিতি ছিল। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য এ আনন্দ শোভাযাত্রাকে ঘিরে আর্য্য হরিসভা মন্দিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

