শোয়েব হোসেন: একবিংশ শতাব্দীর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ী সমাজ ও সাধারণ পাঠকের কণ্ঠস্বর হিসেবে দীর্ঘ পথচলা অতিক্রম করে ২০ বছরে পদার্পণ করতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক দৈনিক ‘দৈনিক বিজনেস ফাইল’। এ উপলক্ষ্যে আগামী ০৭ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০:৩০ মিনিটে রাজধানীর পুরানা পল্টনস্থ ‘ইকোনমিক রিপোর্টার্স ফোরাম’ (ইআরএফ) মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি। প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ফজলুল রহমান এমপি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব শহীদুল হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাছির জামাল এবং সোনালী ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক জনাব শওকত হোসেন খান। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিত্বগণও উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ মুহূর্ত নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে পত্রিকাটির সম্পাদক, বাংলা একাডেমির আজীবন সদস্য অভি চৌধুরী বলেন, “১৯ বছরের সাফল্যময় যাত্রা পেরিয়ে ২০ বছরে পদার্পণ আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ‘দৈনিক বিজনেস ফাইল’ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ, দেশের শিল্প-বাণিজ্য, ব্যাংক-বীমা ও নতুন উদ্যোক্তাদের সম্ভাবনাকে ইতিবাচকভাবে তুলে ধরছে। আমাদের মূল শক্তি পাঠক ও শুভানুধ্যায়ীদের বিশ্বাস। আগামী দিনেও আমরা অর্থনৈতিক সাংবাদিকতায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ”।
পত্রিকাটির এক সিনিয়র প্রতিনিধি বলেন, “দীর্ঘ ১৯ বছর ধরে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক নীতিমালার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। ২০ বছরে পদার্পণের এই শুভক্ষণে আমাদের অঙ্গীকার, পাঠকদের প্রতি দায়বদ্ধতা রেখে সত্য ও নির্ভীক সাংবাদিকতা অব্যাহত রাখা”।
অনুষ্ঠান উপলক্ষ্যে এক শুভানুধ্যায়ী ও ব্যবসায়ী প্রতিনিধি শুভেচ্ছা জানিয়ে বলেন, “দুই দশক ধরে দেশের অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরে ‘দৈনিক বিজনেস ফাইল’ আমাদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য পত্রিকাটি যে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে তা প্রশংসনীয়। ২০ বছরে পদার্পণে পত্রিকাটির সুদীর্ঘ ও সফল যাত্রা কামনা করি।”
উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পত্রিকাটির পক্ষ থেকে একটি বিশেষ স্মারক ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা

