যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণ বাসিন্দাকে সরকারি কর্মকর্তা সেজে বড় অঙ্কের অর্থ প্রতারণা করার দায়ে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বাসিন্দা ৪৭ বছর বয়সী আবু সালেহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ৩০ সেপ্টেম্বর ক্রসভিল শহরের পিভাইন রোডের একটি ম্যাকডোনাল্ডসের পার্কিং লট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেসময় তিনি প্রতারণার অংশ হিসেবে আরও ১৪ হাজার ডলারের একটি প্যাকেট সংগ্রহ করতে এসেছিলেন। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ থেকে ৫১ হাজার ডলারের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বাসিন্দা আবু সালেহ (৪৭) নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখানে তিনি ১৪ হাজার ডলার নগদ অর্থের একটি প্যাকেট নিতে গিয়েছিলেন, যেটিকে তিনি আসল অর্থের চালান বলে মনে করেছিলেন। কিন্তু সেটি ছিল তদন্তকারীদের তৈরি করা একটি ভুয়া প্যাকেট। ওই ব্যক্তিকে ফোন করে একজন নিজেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, প্রতারক ভুক্তভোগী ওই প্রবীণকে বোঝান যে তার সোশ্যাল সিকিউরিটি নম্বর আপস করা হয়েছে, তার কম্পিউটার হ্যাক হয়েছে এবং তার ব্যাংকের একজন কর্মী গোপনে সাইবার অপরাধীদের সহযোগিতা করছেন। এরপর প্রতারক ওই ব্যক্তিকে একটি নতুন ল্যাপটপ কিনতে এবং ফোনে থাকা ব্যক্তিকে কম্পিউটারে দূরবর্তীভাবে প্রবেশের (রিমোট অ্যাকসেস) অনুমতি দিতে রাজি করান।
কাম্বারল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই প্রবীণ ব্যক্তি বিষয়টি নিয়ে অভিযোগ জানানোর পরই তদন্ত শুরু হয়। ভুক্তভোগী ব্যক্তি জানান, গত ২২ সেপ্টেম্বর টেনেসির ক্লিভল্যান্ডে ওয়ালমার্টের সামনে এক কুরিয়ারের মাধ্যমে তিনি ২৪ হাজার ডলার হস্তান্তর করেন। এর ঠিক পরদিন ২৩ সেপ্টেম্বর ক্রসভিলের একটি মোটেলে গিয়ে আরও ২৭ হাজার ডলার তুলে দেন। প্রতারক চক্র এরপর আরও ১৪ হাজার ডলার দাবি করলে শেরিফের তদন্তকারীরা কৌশলে ওই ঘটনার ওপর নজরদারি শুরু করেন।
ম্যাকডোনাল্ডসের পার্কিং লটে যখন সালেহ টাকা ভর্তি প্যাকেটটি সংগ্রহ করেন, ঠিক সেই মুহূর্তেই তদন্তকারীরা তাকে ঘিরে ফেলে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে ১০ হাজার ডলারের বেশি মূল্যের সম্পত্তি চুরির অভিযোগে ৩ লাখ ডলার, একই ধরনের চুরির চেষ্টার অভিযোগে ১ লাখ ৫০ হাজার ডলার এবং বয়স্ক ব্যক্তির আর্থিক শোষণের অভিযোগে ২ লাখ ডলারের বন্ড নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, জর্জিয়ার একটি বকেয়া পরোয়ানার কারণে তার বিরুদ্ধে অতিরিক্ত ২০ লাখ ডলারের বন্ড ধার্য করা হয়েছে, যা একই ধরনের অর্থ সংগ্রহের মামলার সাথে সম্পৃক্ত।
সালেহ গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় তদন্তকারীরা বিষয়টি ফেডারেল কর্তৃপক্ষকে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) তার বিরুদ্ধে একটি ডিটেইনার হোল্ড জারি করেছে। আগামী ৫ অক্টোবর সোমবার তাকে কাম্বারল্যান্ড কাউন্টি জেনারেল সেশনস কোর্টে হাজির করার কথা রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউভিএলটিএইট ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
আরও পড়ুন: অস্ত্র হস্তান্তর ও ধার দেওয়ার বিষয়ে কাতারে নতুন আইনি
আরও পড়ুন: নওগাঁয় জনগণের সহায়তায় পুলিশের হাতে আটক-৩ ছিনতাইকারী

