রতন রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের শতাধিক নারীর মাঝে শাড়ি বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃত কলেজ দুর্গামন্দির প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এ শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে শাড়ি তুলে দেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ কর্মসূচির মাধ্যমে দুর্গাপূজার আনন্দ সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বী পরিবারের সঙ্গে ভাগাভাগি করা হয়।
আরও পড়ুন: সুবর্ণজয়ন্তী ও মিলনমেলায় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এ ছাড়া পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, মন্দির কমিটি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাড়ি পেয়ে নন্দিনী রানী আনন্দ প্রকাশ করে বলেন, “পূজায় নতুন শাড়ি পেয়েছি, খুব ভালো লাগছে।”
এদিকে , রাজারহাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব রতন রায় বলেন, “ভগবানের কৃপা এবং সরকারসহ সবার সহযোগিতায় এ বছর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন করতে পারছি।”
সংশ্লিষ্টরা জানান , এ ধরনের উদ্যোগ উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার করতে ভূমিকা রাখে।

