শোয়েব হোসেন: বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক ‘গ্রাম বাংলার আলো’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর চৌরাস্তাস্থ হাজী টাওয়ারে পত্রিকার কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. ফিরোজ আল মামুন বলেন, “সংবাদপত্রের প্রধান শক্তিই হলো বস্তুনিষ্ঠতা। সত্য ও নিরপেক্ষতার ভিত্তিতে তথ্য তুলে ধরে জনগণের আস্থা অর্জন করতে হবে।” সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের আরো বেশি দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশ্বশান্তি ও পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথি ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
দৈনিক ‘গ্রাম বাংলার আলো’র সম্পাদক ও প্রকাশকের পরিচালনায় অনুষ্ঠানে নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

