জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের অধ্যাপক ও বর্তমান চেয়ারপারসন প্রফেসর ড. মো. রবিউল ইসলাম বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির সঙ্গে যুক্ত হওয়ার সম্মতি দিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
তিনি এখন বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগে আইন অনুষদের ডিন ছিলেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটিতে সদস্য হিসেবে কাজ করছেন। সাংবিধানিক আইন ও তুলনামূলক আইন নিয়ে গবেষণা ও শিক্ষাদানে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম শেষ করে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ড থেকে আরেকটি এলএলবি নেন। পরে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে তুলনামূলক সাংবিধানিক আইনে বিশেষায়িত এলএলএম করেন। হংকংয়ের সিটি ইউনিভার্সিটি অব হংকং থেকে পিএইচডি সম্পন্ন করেন গত বছরের সেপ্টেম্বরে। তাঁর থিসিসের বিষয় ছিল রোহিঙ্গাদের সাংবিধানিক পিপলহুড থেকে বাদ দেওয়া এবং এর তুলনামূলক অধ্যয়ন। পিএইচডি করার সময় হংকংয়ে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (BSAHK) প্রেসিডেন্টও ছিলেন।
শিক্ষকতা শুরু করেন ২০০৫ সালে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়িয়ে ২০১১ সালে জাহাঙ্গীরনগরে যোগ দেন। সেখানেই প্রভাষক থেকে ধাপে ধাপে অধ্যাপক হয়েছেন। বিভাগের সভাপতির দায়িত্ব একাধিকবার পালন করেছেন। সর্বশেষ গত সেপ্টেম্বরে ৩৬ মাসের জন্য নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ পুলিশ একাডেমি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে পড়িয়েছেন।
একসময় BLAST-এর উপদেষ্টা ছিলেন। UNHCR, PKSF, UGC ও FRIENDSHIP-এর বিভিন্ন গবেষণায় নেতৃত্ব দিয়েছেন। দেশ-বিদেশের কয়েকটি আইন জার্নালের রিভিউয়ার হিসেবেও কাজ করেন।
তাঁর গবেষণার মূল আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে তুলনামূলক সাংবিধানিক আইন, মানবাধিকার, আন্তর্জাতিক মানবিক আইন, শরণার্থী আইন, একাডেমিক স্বাধীনতা ও ফেডারেলিজম। বাংলাদেশ জার্নাল অব ল ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জার্নাল অব ল-এ তাঁর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এর মধ্যে হাঙ্গেরির লেক্স সিইইউ আইন, ফেডারেলিজম ও সাংবিধানিকতা, ঔপনিবেশিক ভারতে জাতিগত বৈষম্য এবং বাংলাদেশে অনুপস্থিতিতে ফৌজদারি বিচার নিয়ে গবেষণা উল্লেখযোগ্য।
তৃণমূল প্রেস সোসাইটির সঙ্গে যুক্ত হওয়ায় তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ সংগঠনের কাজে কাজে লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: নবাবগঞ্জে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বিট অফিসার রাফিউল!
আরও পড়ুন: তাহিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজনে সমন্বয়হীনতা, প্রশ্নের মুখে বাস্তবায়ন কমিটি

