নওগাঁ জেলা প্রতিনিধি: মো. মাসুদ রানা মিশুঃ বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় নওগাঁ শহরের বরুলকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পায়রা ও বর্ণিল বেলুন উড়িয়ে এবং স্মারক ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের উদ্বোধন করা হয়। কেক কেটে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেন অতিথিরা।
পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় নবীনবরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ফুলেল শুভেচ্ছায় নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলে মানসম্মত উচ্চশিক্ষা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় এ অঞ্চলের শিক্ষার্থীরা নিজ এলাকায় উচ্চশিক্ষার সুযোগ পাবে, যা স্থানীয় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন নয়; এটি উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা বিস্তারে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে নওগাঁসহ আশপাশের জেলার শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে নতুন বিভাগ চালু, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
দিনব্যাপী আয়োজনের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অতিথিদের শুভকামনা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের আন্তরিকতায় পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে জেলার উচ্চশিক্ষা খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়।

