ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির অগ্রযাত্রা রুখতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে বড় ধরনের সামরিক সহায়তা দিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বর মাসে চারটি কার্গো বিমানের মাধ্যমে এই অস্ত্র ও সামরিক সরঞ্জাম এডেন বন্দরে পৌঁছানো হয়েছে। সৌদি আরবের সমর্থনে এবং দেশটির ইয়েমেন নীতিকে সহযোগিতা করতেই পাকিস্তানের এই পদক্ষেপ বলে জানা গেছে। পাকিস্তানের এই সরবরাহ চলমান সংঘাতে তাদের সংশ্লিষ্টতা আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
রয়টার্সকে দেওয়া এক পাকিস্তানি সরকারি কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রেরিত সামরিক চালানের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন এবং অত্যাধুনিক ড্রোন প্রতিরোধী ব্যবস্থা রয়েছে। সামরিক সরঞ্জামের পাশাপাশি পাকিস্তানের সামরিক উপদেষ্টারাও সৌদি কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনে অবস্থান করছেন। তারা সেখানে হুতিদের বিরুদ্ধে লড়াইরত ইয়েমেনি সরকারি বাহিনীদের সরাসরি সহায়তা ও পরামর্শ দিচ্ছেন।
পশ্চিমা ও আরব বিশ্বের একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, হুতিরা ইতিমধ্যেই ইয়েমেনের সমগ্র লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। তাদের এই বড় ধরনের অগ্রযাত্রা ঠেকাতে এবার বড় পরিসরে সামরিক অভিযান চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। সৌদির এই সামরিক তোড়জোড়ের মধ্যেই পাকিস্তানের এই যুদ্ধাস্ত্র সরবরাহের বিষয়টি প্রকাশ্যে এলো।
আরও পড়ুন: নেতানিয়াহুর পুনর্নির্বাচন নিয়ে সরাসরি মুখ খুললেন না ট্রাম্প
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি

