মোঃ লুৎফর রহমান মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন মামুনের সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আলিমাবাদ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
কয়ারিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান হিমু মালের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবী জুয়েল হোসেন সরদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতিকুর রহমান সোলায়মান, যুবদল নেতা রাসেল হাওলাদার, যুবদল নেতা শাহিন ফকির, কয়ারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো. বজলু ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন মামুন তাঁর বক্তব্যে এলাকার মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার বিষয়ে তাঁর পরিকল্পনার কথা জানান। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন মামুনের পক্ষে কাজ করার আশা ব্যক্ত করেন।
আরও পড়ুন: ফুলবাড়ীতে এনসিপি’র “স্থানীয় সরকার নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংবাদ সম্মেলন

