আরাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার অন্য তিনটি ধারায় তাকে পৃথক ১০ বছর করে মোট ২০ বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে।হত্যাকাণ্ডের শিকার বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
গত বছরের ১৩ নভেম্বর রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকায় একটি বহুতল ভবনে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫)কে কুপিয়ে হত্যা করেন মামলার একমাত্র আসামি লিমন মিয়া। এ সময় বিচারকের স্ত্রীকেও গুরুতর জখম করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার একদিন আগে আদালত এ রায় দিলেন। দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরের তেরখাদিয়া এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় লিমনের হামলায় তার ছেলে তাওসিফ রহমান খুন হন। এ সময় ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রীও। ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন ১৪ নভেম্বর রাজপাড়া থানায় বিচারক আবদুর রহমান নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়। বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ ২৮ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।
নিহত মা তাসমিন নাহার লুসি আসামী লিমনের পূর্বপরিচিত ছিলেন। ওই বছরের ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন লুসি। অভিযোগে তিনি হত্যার হুমকির কথা উল্লেখ করেছিলেন। জিডিতে উল্লেখ করা হয়, কোয়ান্টাম ফাউন্ডেশনের এক সদস্যের মাধ্যমে লিমনের সঙ্গে তার পরিচয় হয়। লিমনের পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় তাকে বেশ কয়েকবার আর্থিক সহায়তা করেছিলেন তিনি। কিন্তু আর সাহায্য করতে পারবেন না জানালে লিমন ক্ষুব্ধ হন এবং হুমকি দিতে শুরু করেন। ৩ নভেম্বর লিমনের একটি ফোনেও হুমকির বিষয়টি জানানো হয়েছিল।
ঘটনার দিন ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেছিলেন লিমন। সেখানে তাওসিফ ও তার মা ছাড়া অন্য কেউ ছিলেন না। ছুরিকাঘাতের পর তাওসিফের রক্ত শরীরে মেখে নিজেও আহত হওয়ার ভান করে পড়ে থাকেন তিনি। পরে পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের বিচারক পর্যবেক্ষণে বলেছেন, এ ঘটনা আইন ও বিচার বিভাগের ওপর হুমকি। বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
আরও পড়ুন: দাকোপে বিএনপি অফিসে অগ্নি সংযোগ ও প্রেটোল বোমা নিক্ষেপ প্রতিবাদে সন্ত্রাস বিরোধী সমাবেশে

