মোঃ শামীম হোসেন – খুলনাঃ সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার কাজে ব্যবহৃত কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জেলে সোহেল শেখ, নারী জেলে লাইজু বেগম এবং কীটনাশক ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া (৫২)।শনিবার (৭ নভেম্বর) গভীর রাতে মোংলার জয়মনি এলাকা থেকে প্রথমে সোহেল শেখ ও লাইজু বেগমকে গ্রেপ্তার করা হয়।
তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে সেলিম মিয়াকেও গ্রেপ্তার করে পুলিশ। রাতেই তাঁদের দাকোপ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার সেলিম মিয়া মোংলা পৌর শহরের শেখ আবদুল হাই সড়কে অবস্থিত সার ও কীটনাশক বিক্রির প্রতিষ্ঠান মেসার্স জনতা স্টোরের মালিক। অভিযোগ রয়েছে, সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরার জন্য ব্যবহৃত কীটনাশক তাঁর দোকান থেকে কেনা হয়েছিল।
তিনি আসন্ন মোংলা বন্দর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী। উল্লেখ্য, গত ২ নভেম্বর সুন্দরবনের দাকোপ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় বনরক্ষীরা বাধা দিলে নারীসহ দুই জেলে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে দাকোপ থানায় অভিযোগ দেওয়া হয়। বিষয়টি জানার পর জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। গ্রেপ্তারের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক, তাঁদের আইনের আওতায় আনা হবে। সুন্দরবনকে দস্যুমুক্ত এবং বনের মৎস্য, বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সম্পদকে অপরাধীদের হাত থেকে রক্ষা করতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।
এর সঙ্গে আরও যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: ম্যাজিক ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ম্যাজিশিয়ান বাসেত মাহমুদ
আরও পড়ুন: দাকোপে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
আরও পড়ুন: র্যালি আলোচনা সভা ও চারা বিতরণের মধ্য দিয়ে নবাবগঞ্জে সমবায় দিবস পালন

