সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর বিমানবন্দরটির সব ধরনের ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। এ ঘটনার সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার তালিকায় ২০তম অবস্থানে বাংলাদেশ
সৌদি আরবের ওই বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। আকস্মিক এ হামলায় রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের সমস্ত ফ্লাইট কার্যক্রম স্থগিত ঘোষণার পর বিশ্বজুড়ে বিমান যোগাযোগে প্রভাব পড়ে। ফ্লাইট পর্যবেক্ষণকারী ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, রিয়াদমুখী প্রায় সব ফ্লাইট হয় বাতিল করা হয়েছে, না হয় বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্তে উদ্যোগ
ফ্লাইট বাতিলের তালিকার মধ্যে রয়েছে সৌদি এয়ারলাইনসের একাধিক ফ্লাইট। এর মধ্যে রয়েছে এসভি ৮০৪, এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদ রুটের বিজি ৩৩৯ ফ্লাইটটিও বাতিল ঘোষণা করা হয়। এর আগে শনিবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি ৩৩৯ এবং বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা স্থগিত করার কথা জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
অন্যদিকে, শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছিল ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটও। শনিবার সংস্থাটির বিএস ৩৮১ ফ্লাইটটি নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিকল্প স্থানে অবতরণে বাধ্য হয়। ফ্লাইটটির শনিবার বেলা ৩টা ১০ মিনিটে ঢাকায় নামার কথা থাকলেও এটি শেষ পর্যন্ত দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণের পর নিরাপত্তার স্বার্থেই এই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যাত্রীদের বিমানবন্দরে আসার আগেই স্ব স্ব এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল গতকাল বেলা ৩টা ১০ মিনিট।
ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। টিকিট বুকিং করা যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়ে কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইটের নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। হঠাৎ ফ্লাইট স্থগিত ও বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন শত শত প্রবাসগামী যাত্রী। উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ আপডেট জেনে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থাও যাচাই করতে বলা হয়েছে।

