নিজস্ব প্রতিবেদক, ঢাকা: তামাক, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছেন শিল্প সচিব আব্দুল নাসের খান।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় শিল্প মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস প্রদান করেন।
সভায় ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ আন্দোলনের আহ্বায়ক, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ (DUAN) এর সম্পাদক এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প উপদেষ্টা আলী নিয়ামত আগামী ৬ নভেম্বর ‘তামাক, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী দিবস’ এর কর্মসূচি ও সামাজিক আন্দোলনের রূপরেখা তুলে ধরেন।
এ সময় শিল্প সচিব আন্দোলনের ভূয়সী প্রশংসা করে বলেন, এটি সময়োপযোগী ও জাতীয় স্বার্থে একটি মহৎ উদ্যোগ। তিনি আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার (Ghorasal-Polash Fertilizer) প্রাঙ্গণে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই’ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।
মতবিনিময় সভায় আলী নিয়ামত ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজারের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফকরুল আলমের পক্ষ থেকে শিল্প সচিবকে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সভায় শিল্প সচিবের একান্ত সচিব সিদ্ধার্থ ভৌমিক উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ডাক-এর স্টাফ রিপোর্টার এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আন্দোলনের সংগঠক শেখ সেলিম ও সংগঠক তামজিদ।
সূত্র: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজ (DUAN – Since 1986)
আরও পড়ুন: চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল ১২০ কোটি টাকা জাইকার সম্ভাব্য অনুদান
আরও পড়ুন: চাটখিলে উপজেলা বিএনপির প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত নবগঠিত ছাত্রদলের নেতাকর্মীরা

