শেখ হাসিনাকে যে ভূতে ধরেছিল, এখন বিএনপিকেও ঠিক সেই একই ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে লক্ষ্মীপুর টাউন হলে জেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।
আরও পড়ুন: প্রশ্নফাঁসের পরও পুরনো নিয়োগ কমিটি রেখেই পরীক্ষা নিচ্ছে যুব
মামুনুল হক বলেন, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী কখনোই তরুণদের হাত ধরে গড়ে ওঠা নতুন নেতৃত্বকে মেনে নিতে চায় না। তিনি আরও বলেন, রাষ্ট্রব্যবস্থা সংস্কারের জন্য সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই। কারণ বর্তমান ব্যবস্থায় ক্ষমতা কুক্ষিগত থাকলে যেকোনো রাজনৈতিক দল পাঁচ বছর ক্ষমতায় থাকার পর আরেকটি নতুন ‘হাসিনা’য় পরিণত হতে পারে। জুলাই সনদে বিচার বিভাগের স্বাধীনতার প্রতিশ্রুতি থাকলেও বিএনপি তা বাস্তবায়নে বাধা দিচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন।
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লোকমান। অনুষ্ঠানে সংগঠনটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন এবং কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

