মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ,চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক খননজনিত জনদুর্ভোগ নিরসন এবং উন্নয়ন কার্যক্রমে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চট্টগ্রাম ওয়াসা একযোগে কাজ করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) চসিক রেস্ট হাউসে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমসহ উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ চসিক ও ওয়াসার প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চসিক ও ওয়াসা উভয় সংস্থাই নগরবাসীর সেবায় কাজ করছে। একটি সংস্থার উন্নয়ন কার্যক্রমের কারণে যাতে অন্য সংস্থার উন্নয়নকাজ বাধাগ্রস্ত না হয় কিংবা নাগরিকদের দুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্য কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। ওয়াসার পাইপলাইন স্থাপনসহ প্রয়োজনীয় উন্নয়নকাজে চসিক সহযোগিতা করবে। তবে কোনো অবস্থাতেই চসিকের অনুমতি ছাড়া কিংবা অনুমতির মেয়াদ শেষ হওয়ার পর সড়ক খনন করা যাবে না। তিনি বলেন, সড়ক খননের পর দীর্ঘদিন সংস্কার না করায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। যানজট, ধুলাবালি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ পরিস্থিতির অবসান ঘটাতে সুনির্দিষ্ট সময়সূচির ভিত্তিতে ওয়াসাকে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। যেসব সড়কে ওয়াসার কাজ শেষ হবে, সেগুলো দ্রুত চসিককে বুঝিয়ে দিতে হবে, যাতে চসিক সড়ক সংস্কারের কাজ শুরু করতে পারে। সভায় ওয়াসা কর্তৃপক্ষ আগামী এপ্রিল মাসের মধ্যে চলমান সড়ক খননসংক্রান্ত কাজ সম্পন্ন করার প্রস্তাব দিলে প্রশাসক বলেন, সব কাজ শেষ হওয়ার জন্য এপ্রিল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যায়ক্রমে যেসব সড়কে ওয়াসার কাজ শেষ হবে, সেগুলো ধাপে ধাপে চসিককে হস্তান্তর করতে হবে। আগামী পবিত্র রমজান ও ঈদুল ফিতরের আগে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কার ও কার্পেটিং সম্পন্ন করে নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চাই। এ লক্ষ্যে উভয় সংস্থার প্রকৌশলীদের সমন্বয়ে সড়কভিত্তিক কর্মপরিকল্পনা ও সময়সূচি প্রণয়ন করতে হবে। সভায় নয়াবাজার–ফইল্লাতলী বাজার সড়কের সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সড়কটিতে ওয়াসার কাজ সম্পন্ন করা ও চসিকের কাছে হস্তান্তরসংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসনে উভয় সংস্থা একমত হয়। ওয়াসা কর্তৃপক্ষ দ্রুত ম্যাকাডামের কাজ সম্পন্ন করে সড়কটি চলাচলের উপযোগী করার পর চসিককে হস্তান্তর করবে বলে জানায়। ইতোমধ্যে চসিকের পক্ষ থেকে সড়কটির সংস্কারকাজের দরপত্র আহবান প্রক্রিয়াধীন রয়েছে। হস্তান্তরের পরপরই পূর্ণাঙ্গ কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে।
এ ছাড়া পোর্ট কানেক্টিং রোড, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ব্যাপারীপাড়া রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ওয়াসার চলমান ও অসমাপ্ত কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এসব সড়কের কাজ দ্রুত সম্পন্ন করে উভয় সংস্থার প্রকৌশলীদের মাধ্যমে যৌথ পরিমাপের (জয়েন্ট মেজারমেন্ট) ভিত্তিতে চসিকের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রশাসক বলেন, সড়ক সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গতিশীল রাখতে সড়ক খননের ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য অর্থ যথাসময়ে পরিশোধ করা প্রয়োজন। পাশাপাশি একই সড়কে বারবার খনন এড়াতে চসিকের সড়ক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে ওয়াসার পাইপলাইন স্থাপন ও সংস্কার কার্যক্রমের সমন্বয় করতে হবে। এতে সরকারি অর্থের অপচয় রোধের পাশাপাশি সড়কের স্থায়িত্ব বাড়বে এবং নগরবাসীর দুর্ভোগ কমবে।নগরীর উন্নয়ন কোনো একটি সংস্থার একক প্রচেষ্টায় সম্ভব নয় উল্লেখ করে প্রশাসক বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন কার্যক্রমের সুফল যাতে দ্রুত নগরবাসীর কাছে পৌঁছায়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সভায় নগরীর উন্নয়ন কার্যক্রমে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত ও সমাধান করতে চসিক ও ওয়াসার প্রকৌশলীদের নিয়ে নিয়মিত যৌথ সমন্বয় সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন: সড়ক নির্মাণে আধুনিক ডাক্ট সিস্টেম সংযোজনের পরিকল্পনা চসিকের
আরও পড়ুন: পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরের শতবর্ষী রাস উৎসব

