মোঃ শামীম হোসেন – খুলনা: সুন্দরবনের দুবলার চরে পুণ্যস্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। আজ মঙ্গলবার ভোরে পূর্ণিমার জোয়ারে বঙ্গোপসাগরের আলোরকোল সৈকতে পুণ্যস্নানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী।
উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাকঢোলের শব্দে মুখর হয়ে ওঠে সমুদ্রসৈকত। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রায় তিন কিলোমিটার সমুদ্রপাড়ে জড়ো হন পুণ্যার্থীরা। সূর্যোদয়ের সময় সাগরের নোনা জলে পুণ্যস্নান করে আত্মশুদ্ধি, পরিবার-পরিজনের মঙ্গল এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করেন তারা। এ সময় উৎসবে অংশ নেন দেশি-বিদেশি পর্যটকেরা। জানা গেছে, ১৯২৩ সালে সাধু হরিভজনের হাত ধরে দুবলার চরে শুরু হয় ঐতিহ্যবাহী এই রাস উৎসব। একসময় রাস উৎসবকে ঘিরে বসত বিশাল মেলা। দেশ-বিদেশের লাখো মানুষের সমাগমে মুখর থাকত পুরো চর।
তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে রাসমেলা বন্ধ রাখা হয়েছে। এবারও শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল আয়োজন। দুবলা রাস উদ্যাপন জাতীয় কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্টু জানান, সব ধর্মের মানুষের অংশগ্রহণ এবং প্রশাসনের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব শেষ হয়েছে। তবে চরের অস্থায়ী মন্দিরটি স্থায়ীভাবে নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
দুবলার চর রাস পূজা উদ্যাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, বৃষ্টির কারণে পুণ্যার্থীর সংখ্যা কিছুটা কমেছে। এরপরও উৎসবকে ঘিরে প্রায় ১০ হাজার দর্শনার্থী ও পুণ্যার্থীর সমাগম হয়েছে। নিরাপত্তার বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ জানান, কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড, পুলিশ, র্যাব ও নৌপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। পুণ্যস্নান, পূজা-অর্চনা ও মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হয় শতবর্ষী এই রাস উৎসব। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সাগরপাড়ের স্মৃতি নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরেছেন পুণ্যার্থী ও দর্শনার্থীরা।

