সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে ইয়েমেনের হুথি গোষ্ঠীর চালানো নজিরবিহীন ও ভয়াবহ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। এ ধরনের কর্মকাণ্ড বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছে কাতার। এই হামলায় হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও খুতবায় সচেতনতার নির্দেশ
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, দোহা এই হামলার ঘটনায় কঠোরতম ভাষায় নিন্দা প্রকাশ করছে। মন্ত্রণালয় এই হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং বেসামরিক বিমান চলাচলের জন্য বড় ধরনের ঝুঁকি হিসেবে অভিহিত করেছে। একই সাথে সৌদি আরবের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির গৃহীত যেকোনো যৌক্তিক পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে কাতার।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তা গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর যৌথ নিরাপত্তার সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। এই সংকটের মুহূর্তে কাতার সৌদি সরকার, সাধারণ জনগণ এবং হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে কাতার সরকার।

