সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। মূলত বিমানবন্দরের নিরাপত্তা যাচাই এবং রাডার ও যোগাযোগব্যবস্থা মেরামতের কাজের সুবিধার্থেই দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। বিমানবন্দরটি ঠিক কবে নাগাদ পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি। এর আগে সাম্প্রতিক এক হামলার পর নিরাপত্তার স্বার্থে রাডার ও যোগাযোগব্যবস্থার ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, স্থাপনাগুলোর সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া চালানো হচ্ছে। এ পরিস্থিতির প্রভাব পড়েছে পুরো সৌদি আরবের আকাশপথে। পাকিস্তানের বিমান চলাচল খাতের তথ্যানুযায়ী, কেবল সোমবারই পাকিস্তান ও রিয়াদের মধ্যে নির্ধারিত ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া অনেক ফ্লাইটের সূচিও চরম বিপর্যয়ের মুখে পড়েছে।
আরও পড়ুন: আমি জানি, জ্ঞানেশের ঘুম উড়ে গেছে: রাহুল
আরও পড়ুন: মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ
অন্যদিকে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। সেখানে প্রায় ১৫৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৩৭৪টি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে। রিয়াদের পাশাপাশি জেদ্দার বিমানবন্দরের অস্থিতিশীল পরিস্থিতি যাত্রীদের চরম দুর্ভোগে ফেলেছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সৌদি আরবের আকাশসীমায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। চলমান সামরিক তৎপরতার প্রেক্ষিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মার্কিন বিমান সংস্থাগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আল জাজিরা ও আল আরাবিয়ার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

