সৌদি আরবের পবিত্র নগরী মদিনার ‘তাইবা’ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ভোরে চালানো এই হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে সরাসরি দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই হামলার ফলে কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়লেও সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় কোনো প্রভাব পড়েনি। এই বিদ্যুৎ কেন্দ্রটি মূলত মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে হুতি গোষ্ঠী জড়িত ছিল।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, তদন্তকারী দল, অপারেশনাল পর্যালোচনা এবং ঘটনাস্থলে পাওয়া ড্রোন ধ্বংসাবশেষ পরীক্ষার মাধ্যমে হুতিদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ মিলেছে। তিনি দাবি করেন, মক্কা ও মদিনার পবিত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে হুতিদের চলমান ধারাবাহিক নাশকতার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। আল-মালিকির মতে, এ ধরনের কর্মকাণ্ড বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার গভীর ষড়যন্ত্র।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আল-মালিকি আরও বলেন, মসজিদুল হারাম ও মসজিদে নববীর দর্শনার্থী এবং মুসল্লিদের নিরাপত্তা রক্ষায় সৌদি জোট তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। এর আগে মক্কার দিকে ছোড়া একটি ড্রোন প্রতিহত করার বিষয়টিও তিনি উল্লেখ করেন। তবে সৌদি জোটের এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে হুতি গোষ্ঠী। হুতিদের নিয়ন্ত্রণাধীন সাবা বার্তা সংস্থার তথ্যমতে, মদিনায় ড্রোন হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার দাবি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন।

