হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। পরে মাদক সেবন ও মাদক কারবারে জড়িত থাকার অপরাধে আটককৃতদের মধ্যে দুই জনকে এক মাস করে এবং অপর দুই জনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন—উপজেলা সদরের শিমুলতলী পাড়ার ফজলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (৫০) ও তাঁর ছেলে সুলতান মাহমুদ, করলডাঙ্গা পাড়ার ফজলুর রহমানের ছেলে সানাউল (৪৫) এবং সাহেব বাজার এলাকার গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান (৩১)।
অভিযান চলাকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

