মোঃ শামীম হোসেন – খুলনা: বাংলাদেশ কোস্টগার্ডের বহরে থাকা পাঁচটি অত্যাধুনিক জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। কোস্টগার্ড সদর দপ্তরের এক প্রশাসনিক আদেশে জাহাজগুলোর পুরনো নাম বাতিল করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে জাহাজগুলো নতুন নাম ও নতুন পরিচয়ে বঙ্গোপসাগর, সুন্দরবন ও মোংলা উপকূলে দায়িত্ব পালন করবে।
বিসিজিএস জয় বাংলা এখন বিসিজিএস অদম্য বাংলা, বিসিজিএস সৈয়দ নজরুল এখন বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীন এখন বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলী এখন বিসিজিএস এম হুমায়ুন কবীর, বিসিজিএস কামরুজ্জামান এখন বিসিজিএস আশরাফ সিদ্দিকী। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বাহিনীর সাংগঠনিক শৃঙ্খলা ও প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই নাম পরিবর্তন করা হয়েছে।
ইতোমধ্যে জাহাজগুলোর গায়ে নতুন নাম লেখা, পতাকা, লগবুক, বেতার সংকেত (কল সাইন) ও সব অফিসিয়াল নথিপত্র হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। নাম পরিবর্তন হলেও জাহাজগুলোর ক্যাপ্টেন, ক্রু, অস্ত্র, ইঞ্জিন বা অপারেশনাল সক্ষমতায় কোনো পরিবর্তন আসবে না। শুধু পরিচয় বদলেছে, দায়িত্ব আগের মতোই থাকছে।নাম বদলে যাওয়া এই পাঁচটি জাহাজই কোস্টগার্ডের সবচেয়ে সক্রিয় ও গুরুত্বপূর্ণ জাহাজ।
এগুলো দীর্ঘদিন ধরে সুন্দরবনে বনদস্যু দমন ও জেলে অপহরণ রোধে অভিযান, মোংলা-পায়রা বন্দর চ্যানেলে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, বঙ্গোপসাগরে অবৈধ মাছ ধরা, মানবপাচার রোধ, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, সমুদ্র সম্পদ রক্ষায় টহল দিয়ে আসছে।বিশেষ করে মোংলা স্টেশনের আওতাধীন সুন্দরবনের ফুলতলা, হাড়বাড়িয়া, দুবলার চর ও পশুর নদী এলাকায় এই জাহাজগুলোই জেলেদের কাছে ভরসার নাম।
নাম পরিবর্তনের খবরে উপকূলের জেলে ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, “নাম যাই হোক, জাহাজগুলো যেন আগের মতোই আমাদের পাশে থাকে। সুন্দরবনে এখনো জেলে অপহরণ বন্ধ হয়নি, সাগরে ডাকাতি হয়। এই জাহাজগুলোই আমাদের একমাত্র ভরসা।”কোস্টগার্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “নতুন নামে, নতুন উদ্যমে কোস্টগার্ড দেশের সমুদ্রসীমা রক্ষায় আরও দৃঢ়ভাবে কাজ করবে।
অদম্য বাংলা নামের মতোই অদম্য থাকবে আমাদের টহল।” নতুন নামে সেজে ওঠা ‘অদম্য বাংলা’, ‘ফিরোজ কবীর’, ‘নুরুল ইসলাম’, ‘এম হুমায়ুন কবীর’ ও ‘আশরাফ সিদ্দিকী’ এখন থেকে দেশের জলসীমার অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত হবে।
আরও পড়ুন: খুলনা জেলা স্টেডিয়াম থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

