মোঃ শামীম হোসেন – খুলনা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা জেলা বিএনপি’র মনিরুজ্জামান মন্টু ডুমুরিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। ১৭ অক্টোবর শনিবার দিনব্যাপী পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।
এ দেশ আমাদের সকলের। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই স্ব-স্ব ধর্মীয় উৎসব স্বাধীন ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করবে—এটাই বিএনপির মূল নীতি। কোনো ধরনের অপশক্তি বা ষড়যন্ত্রকারী যেন আমাদের এই হাজার বছরের সম্প্রীতির ঐতিহ্যকে বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।”তিনি আরও বলেন, “বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতা ও জনগণের নিরাপত্তার পক্ষে সোচ্চার। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য স্থানীয় সাধারণ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করবে।সনাতন ধর্মাবলম্বীরা যেন অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহাড়ায় থাকার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে খুলনা জেলা বিএনপি, ডুমুরিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জেলা বিএনপির সার্বিক সহযোগিতা ও মণ্ডপ পরিদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: খুলনার দাকোপে নিষিদ্ধ সময় ইলিশ ধরার অপরাধে এক জেলেকে জরিমানা

