মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ, আনন্দঘন মুহূর্ত এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৪নং রূপবাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী আহম্মদপুর শীলবাড়ী সার্বজনীন দুর্গা মন্দিরে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব-২০২৬ উদযাপিত হয়েছে। শারদীয় এই উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকা জুড়ে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আহম্মদপুর শীলবাড়ী সার্বজনীন
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপবাটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম মন্ডল। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই তরুণ সমাজসেবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে সনাতন ধর্মীয় মহামন্ত্র যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ উচ্চারণের মাধ্যমে দেবী দুর্গার চরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। আহম্মদপুর শীলবাড়ীর সকল ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে এই উৎসবের যাবতীয় আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম মন্ডল উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তার বক্তব্যে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই চিরায়ত অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে কাজ করতে হবে। তিনি একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মডেল সমাজ গঠনে এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে স্থানীয় ভক্তবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসবের ধর্মীয়, ঐতিহাসিক ও সামাজিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এ ধরনের উৎসব কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সকল মানুষের মাঝে মিলনের সেতু বন্ধন তৈরি করে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে আহম্মদপুর শীলবাড়ী মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য আয়োজক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুন: হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা
আরও পড়ুন: রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

