মোঃ সোহাগ রহমান সুজন, স্টাফ রিপোর্টার: নওগাঁর মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এ ঘটনায় উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত আনিছুর রহমান রণাইল নিচপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের নামে টাকা লেনদেনের অভিযোগ, সত্যতা যাচাই করবে উপজেলা প্রশাসন
স্থানীয়রা জানান, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমান গংয়ের সঙ্গে নজরুল গংয়ের বিরোধ চলে আসছিল। নজরুল গং একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে। দীর্ঘদিন ধরে তারা জমি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক ভোগদখল করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় মাতব্বররা সালিশের মাধ্যমে আনিছুর রহমান গংকে প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দেন। এরপর তারা ওই জমিতে ধানের চারা রোপণ করেন। নিয়মিত জমির পরিচর্যাও করছিলেন তারা।
বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তারা। স্থানীয়দের অভিযোগ, নজরুল ইসলামের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
আরও পড়ুন: দাকোপে পুলিশের অভিযানে ০৮ জন আটক
এ ঘটনায় রণাইল নিচপাড়া গ্রামের আনিছুর রহমান, তার ছেলে শাহাজাহান (৩০) এবং মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০) আহত হন। এ ছাড়া মৃত আলহাজ আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৪), তার ছেলে আব্দুল আলিম (২৫) এবং মৃত আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৪০) আহত হয়েছেন।
অন্যদিকে, নজরুল গংয়ের নজরুল ইসলাম, রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) এবং তার দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮) আহত হয়েছেন।
আহতদের মধ্যে শাহাজাহান, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম ও ইলিয়াসের অবস্থা গুরুতর। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেজাউল ইসলাম ও জুয়েল মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আনিছুর রহমানের মৃত্যুর খবর পেয়ে নজরুল ইসলাম হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

