চলতি বছরের প্রথম নয় মাসে কাতারে বিশ্বজুড়ে ২৬ লাখ ১৪ হাজার দর্শনার্থী ভ্রমণ করেছেন। কাতার ট্যুরিজমের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, কেবল সেপ্টেম্বর মাসেই ২ লাখ ৭৬ হাজার মানুষ দেশটিতে প্রবেশ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি। গত বছর সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৩ হাজার। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতার ট্যুরিজম। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে ১ দশমিক ১ শতাংশ।
আরও পড়ুন: ইয়েমেনে তীব্র সংঘাত: বাস্তুচ্যুত ২ লাখের বেশি মানুষ
পর্যটকদের আগমনী তথ্যে দেখা গেছে, সবচেয়ে বড় উৎস অঞ্চল হিসেবে শীর্ষে রয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলো। এ অঞ্চল থেকে মোট ১০ লাখ ৬৯ হাজার মানুষ কাতারে এসেছেন, যা মোট পর্যটকের ৪০ দশমিক ৯ শতাংশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়া ও ওশেনিয়া অঞ্চল, যেখান থেকে প্রায় ৫ লাখ ৪৮ হাজার পর্যটক এসেছেন। এটি মোট সংখ্যার ২১ শতাংশ।
আরও পড়ুন: ইরান চুক্তিতে যুক্তরাষ্ট্রের শর্ত: পারমাণবিক কর্মসূচিতে পরিবর্তনের আহ্বান
ইউরোপ থেকে আগত পর্যটকের সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার, যা মোট পর্যটকের ২০ দশমিক ৬ শতাংশ। এছাড়া আমেরিকা অঞ্চল থেকে ১ লাখ ৯০ হাজার (৭ দশমিক ৩ শতাংশ), অন্যান্য আরব দেশ থেকে ১ লাখ ৮৪ হাজার (৭ শতাংশ) এবং আফ্রিকার অন্যান্য দেশ থেকে প্রায় ৮৪ হাজার (৩ দশমিক ২ শতাংশ) দর্শনার্থী এ বছরের প্রথম নয় মাসে কাতারের সৌন্দর্য উপভোগ করেছেন।
দেশটির পর্যটন খাতে এই ক্রমবর্ধমান ধারা বছরের শুরু থেকেই অব্যাহত রয়েছে। পর্যটকদের বৈচিত্র্যময় আগমন কাতারের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

