সুশাসনের পথে যে কোনো অন্তরায় দূর করা হবে: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী
খুলনা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, সুশাসনের পথে যে কোনো অন্তরায় দূর করা হবে।
তিনি ১৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জনগণের সেবায় বিশ্বাসী বর্তমান সরকার
মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফসহ নানা কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান করেছে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সেবায় বিশ্বাসী। বিগত ফ্যাসিস্ট সরকারের তৈরিকৃত বিদ্যমান সমস্যা সমাধানে বর্তমান সরকারকে সময় দিতে হবে।
সাইবার সুরক্ষা ও অনলাইন নিরাপত্তায় আইন প্রণয়ন
মন্ত্রী বলেন, সরকার সাইবার সুরক্ষা ও অনলাইন নিরাপত্তার জন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইন প্রণয়ন করতে যাচ্ছে।
এখন থেকে মাদক ও জুয়া সংক্রান্ত আইনের শক্তিশালী প্রয়োগ নিশ্চিত করা হবে। তিনি কোনো বিতর্ক সৃষ্টি না করে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য সকলকে অনুরোধ করেন।
মতবিনিময় সভায় যারা বক্তব্য রাখেন
মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মো: সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা
মতবিনিময় সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

