হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মা ও অভিভাবক সমাবেশ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, এমপি পত্নী ফরিদা বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সরোয়ার জাহান চৌধুরী (লাবু) দপ্তর সম্পাদক মো. রবিউল হক চৌধুরী (রবি)। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে শিশুদের পড়াশোনা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং বিদ্যালয়-অভিভাবকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

