আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে নদী রক্ষায় ১৭ দফা দাবি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

DSF NEWS
DSF NEWS
November 25, 2026 5:14 pm
Link Copied!

মুহাম্মদ এমরান লামা(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের নদ-নদী, খাল ও জলাশয় রক্ষায় ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। পরিবেশ সংরক্ষণে সরকারের গৃহীত উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নদী দখল, দূষণ, অবৈধ বালু-পাথর উত্তোলন ও নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার হাতে প্রধানমন্ত্রী বরাবর লেখা স্মারকলিপিটি তুলে দেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের বান্দরবান জেলা শাখার সভাপতি রিপন চক্রবর্ত্তী এবং লামা উপজেলা শাখার সভাপতি মো. ফরিদুল আলম বাবলু। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, নদী রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ থাকলেও মাঠপর্যায়ে নদ-নদীর পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যা, শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট, উজান থেকে অসময়ে পানি ছেড়ে দেওয়া, নদী দখল ও দূষণ, অবৈধ বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও প্লাস্টিকের অবাধ ব্যবহার এবং নদীভাঙনে মানুষের বসতভিটা হারানোর ঘটনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে ধ্বংস হচ্ছে দেশের মৎস্যসম্পদ ও প্রাকৃতিক জলজ পরিবেশ।

এসব সংকট মোকাবিলা এবং নদী রক্ষায় সরকারের চলমান উদ্যোগকে আরও কার্যকর করতে সংগঠনটির পক্ষ থেকে ১৭ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো,নদীসংশ্লিষ্ট যেকোনো প্রকল্প গ্রহণের আগে পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগ, নৌপরিবহন বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, জাতীয় নদী রক্ষা কমিশন, নদী গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটির চূড়ান্ত মতামত বাধ্যতামূলক করা।

শিল্পকারখানায় ২৪ ঘণ্টা ইটিপি (বর্জ্য শোধনাগার) চালু রাখা এবং নদীতে শিল্পবর্জ্য ফেলা বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করা। জেলা পর্যায়ে স্থায়ী সার্ভে কমিটি গঠন করে প্রতি তিন মাস অন্তর নদীর তীর সরেজমিন পরিদর্শন, প্রতিবেদন প্রকাশ এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার দাবিও জানানো হয়।

এ ছাড়া পরিকল্পিতভাবে নদী খনন, ড্রেজিং ও বালি-পলি অপসারণ, বিলুপ্ত ও ভরাট হয়ে যাওয়া নদী, খাল, পুকুর ও দীঘি পুনঃখনন করে সুপেয় পানির জলাধার তৈরি; পাহাড়ি ও হাওর অঞ্চলের নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি রয়েছে।

নদীতে বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরা বন্ধ, নদীভাঙন প্রতিরোধে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় উপযোগী টেকসই বাঁধ নির্মাণ এবং নদী-খাল-বিলে পোড়া মবিল, তেল, প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থালি বর্জ্য ফেলা বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি অপরিকল্পিত ব্রিজ, কালভার্ট, ক্রসড্যাম, রাবার ড্যাম ও সুইসগেট অপসারণ করে নদীর স্বাভাবিক প্রবাহ ও নৌযান চলাচল নিশ্চিত করা, নদীর তীরে হিজল, তমাল, গাব, বটসহ দেশীয় জলজ ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণ এবং শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। নদী রক্ষায় জনসচেতনতা বাড়াতে পাঠ্যপুস্তকে নদীবিষয়ক গল্প, কবিতা ও নাটক অন্তর্ভুক্ত করার প্রস্তাবও রয়েছে।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নদী রক্ষা কোনো একটি সংগঠনের দাবি নয়, এটি এ দেশের কোটি মানুষের প্রাণের দাবি। নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং মানুষের জীবন-জীবিকাও সুরক্ষিত হবে। সরকারের পরিবেশবান্ধব উদ্যোগের ধারাবাহিকতায় ১৭ দফা দাবি বাস্তবায়ন করা হলে বান্দরবানসহ দেশের নদ-নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে।

জেলা প্রশাসক নাজনীন সুলতানা স্মারকলিপিটি গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠানোর আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।

স্মারকলিপির অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।