আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

DSF NEWS
DSF NEWS
November 10, 2026 10:05 pm
Link Copied!

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার অভিযোগে আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। আগামী সাত দিনের মধ্যে তাঁকে লিখিতভাবে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

 

নোটিশপ্রাপ্ত মো. গোলাপ হোসেন মাস্টার ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অন্যদিকে, থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ ওঠা ব্যক্তি হলেন মো. জাহাঙ্গীর আলম। তিনি চকপাড়া গ্রামের বাসিন্দা এবং ধানশাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম বর্তমানে ইউনিয়ন পরিষদের একজন সদস্য (ইউপি সদস্য)। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও তাঁর নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝিনাইগাতী উপজেলা শাখার প্যাডে দেওয়া কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাহাঙ্গীর আলমকে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঝিনাইগাতী থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

 

নোটিশে অভিযোগ করা হয়েছে, পরবর্তীতে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন মাস্টার দলীয় পদ-পদবির প্রভাব খাটিয়ে তাঁকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। এমন কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করে তাঁর কাছে ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

 

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান বলেন,  “ঘটনাটি সত্য। তাই বিষয়টি দলীয়ভাবে গুরুত্ব দিয়ে যাচাই করে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”

 

নোটিশে আরও বলা হয়েছে, ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা ও অবস্থান সম্পর্কে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

 

কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেছেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান।

 

এদিকে, বিএনপির এই কারণ দর্শানোর নোটিশটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে ঝিনাইগাতীর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: দাকোপে উত্তরণের আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া ও আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস উদযাপন

আরও পড়ুন: লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার এর এজিএম অনুষ্ঠানে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।