উপজেলা প্রতিনিধি মোংলা: দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবন শেষে চার সপ্তাহের (২৮ দিন) প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরেছেন বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা বাদল ফরাজী। দীর্ঘ দেড় যুগ পর ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ মা শেফালী বেগম। স্বজনদের চোখে আনন্দের অশ্রু থাকলেও সাময়িক মুক্তির পর আবার কারাগারে ফিরে যাওয়ার শঙ্কায় পরিবারে বিরাজ করছে উদ্বেগ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পাওয়ার পর পুলিশি নিরাপত্তায় তাঁকে বাগেরহাটে নেওয়া হয়। প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষে মোংলায় পৌঁছান বাদল। রাত প্রায় ১১টার দিকে নিজ বাড়িতে পৌঁছালে তাঁকে একনজর দেখতে স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় পর্যটক ভিসায় ভারতের আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন বাদল ফরাজী। ওই বছরের ৬ মে দিল্লির লাজপত নগর এলাকায় নির্মলা মাদান নামে ৭১ বছর বয়সী এক নারী হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামের এক ব্যক্তিকে খুঁজছিল। পরিবারের দাবি, নামের মিল থাকায় প্রকৃত অভিযুক্তের পরিবর্তে বাদল ফরাজীকে আটক করা হয়। ২০০৮ সালের ১৩ জুলাই ভারতে অবস্থানকালে তাঁকে আটক করা হয়।
পরবর্তী সময়ে ২০১৫ সালে দিল্লির একটি আদালত ওই হত্যা মামলায় বাদল ফরাজীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দি থাকার পর ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে বাংলাদেশের কারাগারেও বন্দিজীবন কাটাতে হয় তাঁকে।
দীর্ঘদিন ধরে বাদল ফরাজীর মুক্তির দাবিতে তাঁর পরিবার ও মানবাধিকারকর্মীরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছেন। চলতি বছরের এপ্রিল মাসেও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন ও সরকারের কাছে দাবি জানানো হয়। পরিবারের দাবি, ভারতীয় আদালতের রায় অনুযায়ী তাঁর সাজা ভোগের মেয়াদ শেষ হলেও আইনি জটিলতার কারণে তিনি মুক্তি পাননি। অন্যদিকে, কারা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, যাবজ্জীবন সাজা ও মুক্তির বিষয়ে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা নিয়ে জটিলতা ছিল।
অবশেষে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে চার সপ্তাহের প্যারোলে মুক্তির ব্যবস্থা করা হয়। বাদলের বোন আকলিমা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা শেফালী বেগম। তবে এই সাময়িক মুক্তিতে পুরোপুরি স্বস্তি ফিরেনি পরিবারে। তাঁদের দাবি, ২৮ দিন পর যেন বাদলকে আবার কারাগারে ফিরে যেতে না হয়। এ জন্য সরকারের কাছে তাঁর স্থায়ী মুক্তি এবং আইনি জটিলতার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্বজনরা।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানিয়েছেন, আদালতের আদেশে বাদল ফরাজীসহ দুই বন্দিকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। প্যারোলের নির্ধারিত শর্ত মেনে চলার জন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর মায়ের কাছে ছেলের ফিরে আসা পরিবারে আনন্দের উপলক্ষ তৈরি করেছে। তবে স্বজনদের এখন একটাই প্রত্যাশা—সাময়িক মুক্তি নয়, আইনি জটিলতার অবসান ঘটিয়ে স্থায়ীভাবে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরুন বাদল ফরাজী।
আরও পড়ুন: জমিয়তুল ফালাহ মসজিদে জনগণের স্বার্থে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে চসিক প্রশাসক
আরও পড়ুন: রামপালে সুফলভোগী সদস্য চারজন মহিলাকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ

