কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: রুবেল বখস পাভেল।
মৌলভীবাজারের কুলাউড়ার ৪নং জয়চণ্ডী ইউনিয়নের এক মহিলা ইউপি সদস্যের নেতৃত্বে এক প্রবাসীর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
প্রবাসীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া এলাকার প্রবাসী আব্দুল আজিজের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে একই এলাকার মহিলা ইউপি সদস্য সীমা রানী চুনার, রিমন চুনার, জয়ন্ত সরকার, বিষ্ণু সূত্রধর ও দীপক চুনার জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন। বর্তমানে ওই জমিতে তারা একটি পাকা দেয়াল নির্মাণ করতে চাইছেন। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের ও নির্মাণকাজে নিয়োজিত মিস্ত্রিদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন প্রবাসীর পরিবার।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুলাউড়া থানায় একাধিকবার যোগাযোগ করা হয়েছে। অপর পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তবে তারা জমির প্রয়োজনীয় কাগজপত্র ও মালিকানার প্রমাণ উপস্থাপন করেছেন। বর্তমানে স্বামী প্রবাসে থাকায় সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তাদের আশঙ্কা, অভিযুক্তরা যেকোনো সময় তার ও সন্তানের ওপর হামলা চালাতে পারেন। এ ঘটনায় তারা কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ সময় প্রবাসীর স্ত্রী জমির কাগজপত্র দেখান। কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, জমিটি কুলাউড়া উপজেলার দৌলতপুর মৌজার ১১৫৯ নম্বর খতিয়ানভুক্ত একটি কৃষিজমি। প্রবাসীর দাবি, পৈতৃক সূত্রে বর্তমানে তিনি ওই জমির মালিক।
এ বিষয়ে গত ২ নভেম্বর (রোববার) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবাসী আব্দুল আজিজের ওই জমিতে পাকা দেয়াল নির্মাণের কাজ চলছে। সেখানে মহিলা ইউপি সদস্যের ভাই রিমন চুনারকে দেশীয় অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সাংবাদিক পরিচয়ে তার সঙ্গে কথা বললে তিনি জানান, জায়গাটি তাদের প্রয়োজন এবং সেখানে তারা একটি রাস্তা নির্মাণ করতে চান। তবে জমির দলিল অনুযায়ী মালিক যে প্রবাসী, তা তিনি স্বীকার করেন। তিনি আরও বলেন, তারা প্রবাসীর কাছে জায়গাটি চেয়েছিলেন, কিন্তু তিনি দেননি। তাই তারা এভাবে নিজেদের মতো করে রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
এছাড়া অভিযুক্ত মহিলা ইউপি সদস্য সীমা রানী চুনারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখানে মানুষ বসবাস করে, তাদের এবং প্রবাসীর এই জায়গাটিকে রাস্তা দেখিয়ে তিনি ইউনিয়নের পরিষদ থেকে বরাদ্দ দিয়ে একটি রাস্তা তৈরি করতে চান, এই কারণ জিগ্যেস করলে তিনি জানান এর পিছনে তার বসত বাড়ি রয়েছে এবং তার ও প্রতিবেশিদের চলাচলের জন্য তিনি এটি করছেন।
এবিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জমিটি প্রবাসী আব্দুল আজিজের পৈতৃক সম্পত্তি। তারা জানান, ওই জমিতে তার দাদা ও বাবা কৃষিকাজ করতেন। পরবর্তী সময়ে আব্দুল আজিজও সেখানে কৃষিকাজ করেছেন। বর্তমানে তিনি প্রবাসে থাকায় জমিতে কিছু গাছ রোপণ করেছেন। তবে মহিলা ইউপি সদস্য সীমা রানী চুনার ক্ষমতার প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে ৪নং জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য বলেন, আমরা সেখানে গিয়েছি এবং দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। তবে মহিলা ইউপি সদস্যের পক্ষে জমির মালিকানাসংক্রান্ত কোনো সঠিক তথ্য বা কাগজপত্র আমরা পাইনি। জমির প্রকৃত মালিক ওই প্রবাসী। এছাড়া সেখানে পুরোনো রাস্তার কোনো আলামত, ম্যাপ বা রেকর্ডও আমরা পাইনি।
আরও পড়ুন: ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণ ইমনের

