কাতারের স্বল্প আয়ের পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণে নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে রফিক অ্যাপ এবং কাতার চ্যারিটি। ‘শেয়ার দ্য রিওয়ার্ড’ নামের এই মানবিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ রফিক অ্যাপ ব্যবহার করে সহজেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন। এর আওতায় খাদ্যসামগ্রী, স্কুল সরঞ্জাম, পোশাক এবং চিকিৎসাসেবার মতো মৌলিক প্রয়োজনগুলো মেটানো সম্ভব হবে।
এই কার্যক্রমটি পরিচালনার জন্য কাতার চ্যারিটির আকরাবুন সেন্টার সরাসরি যুক্ত থাকবে। প্রতিষ্ঠানটি নিয়মিত যাচাই-বাছাই ও কেস স্টাডির মাধ্যমে প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করবে এবং তাদের অগ্রাধিকার ভিত্তিতে কী ধরনের সহায়তা প্রয়োজন তা নির্ধারণ করবে। এতে অনুদান সঠিক জায়গায় পৌঁছানো নিশ্চিত হবে।
উদ্যোগটি নিয়ে আকরাবুন সেন্টারের নির্বাহী পরিচালক ফয়সাল রশিদ আল-ফুহাইদা বলেন, প্রযুক্তি ও অংশীদারিত্বের সঠিক সমন্বয়ের মাধ্যমেই সমাজের অসহায় জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়া সম্ভব। এই কার্যক্রম সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সংহতি ও দায়বদ্ধতার মানসিকতাকে আরও শক্তিশালী করবে।
রফিক অ্যাপের সিইও আব্দুল্লাহ থামের আল-হুমাইদি জানান, প্রযুক্তি কেবল সেবা দেওয়ার মাধ্যম নয়, বরং একে সামাজিক কল্যাণে কার্যকরভাবে ব্যবহার করা প্রয়োজন। এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে সাধারণ মানুষ অত্যন্ত সহজ ও সম্মানের সঙ্গে স্বল্প আয়ের পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসতে পারবেন। কাতার চ্যারিটি ও রফিকের এই যৌথ প্রয়াস বেসরকারি খাত ও দাতব্য সংস্থার অংশীদারিত্বের একটি অনন্য মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

