শোয়েব হোসেন(নবাবগঞ্জ,ঢাকা)ঃ উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাট ও পাটবীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত চাষীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, নবাবগঞ্জ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের স্লোগান ছিল – “সোনালী আঁশের সোনালী দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ”।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান। প্রশিক্ষণে পাট চাষের আধুনিক পদ্ধতি, উন্নত জাতের বীজ নির্বাচন, রোগ-বালাই দমন এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাসিরুদ্দিন,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সীমা মন্ডল এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সানিয়া সুলতানা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রোস্তম আলী।আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে চাষীরা লাভজনকভাবে পাট চাষে উদ্বুদ্ধ হবেন এবং দেশের পাট উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

