যুক্তরাজ্যের স্থানীয় সরকার কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিশিষ্ট লেখক, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব Anwar Shahjahan এর একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের আগে দেওয়া তার আবেগঘন এই পোস্টে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয় এবং ব্রিটিশ রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়।
পোস্টে আনোয়ার শাহজাহান উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচন নাগরিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, হাউজিং, পরিচ্ছন্নতা, কমিউনিটি উন্নয়ন ও স্থানীয় সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে নির্বাচিত কাউন্সিলরদের ভূমিকা সরাসরি মানুষের জীবনে প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, এবারকার নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের অংশগ্রহণ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি, যা ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির শক্তিশালী অবস্থানের প্রতিফলন।
পোস্টে নতুন প্রজন্মের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। তিনি বলেন, এ দেশে জন্ম ও বেড়ে ওঠা তরুণরা এখন সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে এবং নিজেদের অবস্থান তৈরি করছে, যা পুরো কমিউনিটির জন্য আশাব্যঞ্জক।
তবে পোস্টের কিছু বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে বাংলাদেশি প্রার্থীদের প্রতি “স্বাভাবিক আবেগ ও সমর্থন” থাকার মন্তব্যটি নিয়ে কেউ সমর্থন জানিয়েছেন, আবার কেউ সমালোচনা করেছেন। অনেকের মতে, প্রার্থীর যোগ্যতা, সততা ও জনসম্পৃক্ততাই হওয়া উচিত ভোটের প্রধান বিবেচ্য বিষয়।
অন্যদিকে সমর্থকদের দাবি, আনোয়ার শাহজাহান মূলত কমিউনিটির রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশি কমিউনিটির উপস্থিতিকে উৎসাহিত করেছেন।
উল্লেখ্য, আনোয়ার শাহজাহান দীর্ঘদিন ধরে লন্ডনে সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি লন্ডন থেকে প্রকাশিত বাংলা সংবাদমাধ্যম “আমাদের প্রতিদিন”-এর সম্পাদক।

