মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হীরাপুর গ্রামের জালাল উদ্দিন মুন্সিবাড়িতে শত বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত জনসাধারণের চলাচলের রাস্তা অবরুদ্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে একই বাড়ির একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জালাল উদ্দিন মুন্সিবাড়ির বাসিন্দারা জানান, একই বাড়ির লাল মিয়ার ছেলে মো. রাসেল ওরফে টিপু দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তাটির জায়গা দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করছেন। এভাবে নির্মাণকাজ অব্যাহত থাকলে ঐতিহ্যবাহী ও শত বছরের বেশি সময় ধরে ব্যবহৃত রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বাড়ির নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ যানবাহন চলাচলেও চরম দুর্ভোগের আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
এদিকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করে বহিরাগত কয়েকজন। ভুক্তভোগীদের দাবি, রাস্তা দখলের পক্ষে অবস্থান নিয়ে কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। স্থানীয়দের অভিযোগ, ছাত্রলীগ নেতা রনি-রনি ওরফে টোকাই রনি ও অজ্ঞাত নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী বর্তমান ক্ষমতাসীন দলের প্রভাব দেখিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
অভিযুক্ত পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে রাস্তাটি ব্যবহারের বিষয়টি স্বীকার করলেও জায়গাটি নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তা বন্ধের উদ্যোগকে কেন্দ্র করে বহিরাগত লোকজনের প্রভাব ও শক্তি প্রদর্শনের কারণে কয়েকটি পরিবার কার্যত অসহায় হয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ অবস্থায় শত বছরের পুরোনো চলাচলের রাস্তা রক্ষা, জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: চাটখিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ শুরু

