মুহাম্মদ এমরান লামা(বান্দরবান) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন-২০২৭ কে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চাইছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা শাহেদুল ইসলাম।
শাহেদুল ইসলাম ১৯৯২ সাল থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি এক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালাই ডিগ্রি কলেজ শাখার সভাপতি, ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এবং লামা উপজেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৮ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৯ ও ২০১৪ সালের উপজেলা নির্বাচনেও দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন।
২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সময় তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মাত্র ১৯ ভোটের ব্যবধানে পরাজিত হন।
রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজেও পরিচিত মুখ শাহেদুল ইসলাম। তিনি বড়ছন খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ, অসচ্ছল শিক্ষার্থীদের বিনা খরচে পড়াশোনায় সহযোগিতা, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, সড়ক উন্নয়ন, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।
পার্বত্য চট্টগ্রামে ইউনিসেফের সহায়তায় পরিচালিত পাড়া কেন্দ্রের কার্যক্রমের সঙ্গেও তিনি সম্পৃক্ত। নিজ উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় কয়েকটি পাড়া কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করেছেন। বর্তমানে তিনি একটি পাড়া কেন্দ্রের সভাপতির দায়িত্বে রয়েছেন।
স্থানীয় রাবার শিল্পের উন্নয়নে তিনি বাংলাদেশ রাবার বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ২০২৬ সালে নিজস্ব অর্থায়নে একটি রাবার নার্সারি প্রতিষ্ঠা করেছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য।
মনোনয়ন প্রসঙ্গে শাহেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ফাঁসিয়াখালী ইউনিয়নকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নিরাপদ পানি, পরিবেশ, খেলাধুলা ও সামাজিক সম্প্রীতিতে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। দল মনোনয়ন দিলে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো।
তার বাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুমারী বাজার পাড়ায়। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
আরও পড়ুন: দাকোপে পুলিশের অভিযানে জয় পরিষদের সভাপতি ও রাসেল স্মৃতি সংঘের সদস্য মোঃ গাজী আরিফুল ইসলাম (২৮) আটক
আরও পড়ুন: বান্দরবানে নদী রক্ষায় ১৭ দফা দাবি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

